গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছে। পুলিশ বলছে, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজন তাঁকে গুলি করেছে। বুধবার বিকেলে উপজেলার ধোপাছঁড়ি ইউনিয়নের চিড়িংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম (৩৫) চন্দনাইশ উপজেলা শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।
চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় এক পক্ষের সঙ্গে নুরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার বিকেলে নুরুল ইসলাম তাঁর একটি প্রজেক্ট দেখে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন তাঁকে লক্ষ্য করে গুলি করে। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল হক বলেন, তাঁকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় আনা হয়। তাঁর শরীরের একাধিক স্থানে ছড়া গুলির আঘাত রয়েছে।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাহমুদল হক বলেন, নুরুল ইসলাম উপজেলা শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু আহমদ এ ঘটনার নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।