গুলিতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ৫জন কারাগারে
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকাল–এর প্রতিনিধি আবদুল হাকিম হত্যা মামলায় পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে শাহজাদপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক হাসিবুল হক এ আদেশ দেন।
কারাগারে পাঠানো পাঁচজন হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর শহরের ছয়আনি পাড়ার কে এম নাসির উদ্দীন, বাড়াবিল গ্রামের মো. আরসাদ আলী, নাজমুল হোসেন, আলমগীর হোসেন ও শক্তিপুর গ্রামের জহির উদ্দীন। তাঁদের মধ্যে প্রথম দুজন মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদের সন্দেহভাজন হিসেবে আটক করে পরে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে বৃহস্পতিবার গ্রেপ্তার হন মেয়র হালিমুল হকের ভাই হাফিজুল হক। পরদিন গ্রেপ্তার হন মেয়রের আরেক ভাই হাবিবুল হক। তাঁদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন সাংবাদিক হাকিম। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
হাকিমের স্ত্রী নুরুননাহার বেগম গত শুক্রবার শাহজাদপুর থানায় মামলা করেছেন। এ ছাড়া সংঘর্ষের দিন আওয়ামী লীগের এক পক্ষও একটি মামলা করে। গ্রেপ্তার এই সাতজনের মধ্যে চারজন দুই মামলারই এজাহারভুক্ত আসামি।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র দেব জানান, নুরুননাহারের দায়ের করা মামলায় আজ দুপুরে এই পাঁচজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত ১৩ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।