গুলিবিদ্ধ অবস্থায় আসামি গ্রেপ্তার
বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ইংরেজি বিভাগের ছাত্র ও তরুণ খেলোয়াড় সোনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি রাকিবকে (২৮) পুলিশ গত বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে। রাকিব শহরের চেলোপাড়া এলাকার রানা মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, রাকিবের বিরুদ্ধে কলেজছাত্র সোনা মিয়াসহ তিনটি হত্যা, তিনটি ছিনতাইসহ আট-দশটি মামলা রয়েছে। তিনি বলেন, গত ১৪ জানুয়ারি সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় ছিনতাই করতে গিয়ে মাঠে অনুশীলন করতে আসা খেলোয়াড়দের হাতে ধরা পড়েন সন্ত্রাসী রাকিব। এ সময় খেলোয়াড়েরা গণধোলাই দিয়ে ছেড়ে দেন রাকিবকে।
এরই প্রতিশোধ নিতে অনুশীলন করতে আসা সরকারি শাহ সুলতান কলেজের ইংরেজি বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে সোনা মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি। ওই ঘটনায় আটক রাকিবের সহযোগী মনির হোসেন ১৬ জানুয়ারি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকেই রাকিবকে ধরার চেষ্টা চলছিল।
ওসির ভাষ্যমতে, ঈদের পর থেকেই আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশের কাছে গোয়েন্দা তথ্য আসে, আত্মগোপনে থাকা রাকিবই সঙ্গীদের নিয়ে মাঠ এলাকায় বেপরোয়া ছিনতাই করছেন। তাঁকে ধরতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পুলিশ মাঠে নামে।
অভিযানে অংশ নেওয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম আলী বলেন, ‘গোয়েন্দা তথ্য ছিল সন্ত্রাসী রাকিব আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় অবস্থান করছেন। সন্ধ্যা সাতটা থেকে পুলিশের একাধিক দল মাঠ ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। এর মধ্যে শুরু হয় ঝড়-বৃষ্টি। রাত পৌনে ১১টার দিকে সড়কে ছিনতাই করতে বের হন রাকিব ও তাঁর সঙ্গীরা। ছিনতাইকারীরা জ্বলেশ্বরীতলা শহীদ আবদুল জোব্বার সড়কের সংযোগ রাস্তা হয়ে আলতাফুন্নেছা খেলার মাঠ সড়কে ওঠে।
এ সময় রাকিবকে ধরার চেষ্টা করলে প্রথমে এসআই জুলহাসকে ছুরিকাহত করে খেলার মাঠের ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা। তখন রাকিব পুলিশকে লক্ষ্য করে তিনটি গুলিবর্ষণ করেন। পুলিশও পাল্টা আটটি গুলিবর্ষণ করে।
একপর্যায়ে তিনটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।