গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বখাটেদের ভয়ে দুই স্কুলছাত্রী পরিবারসহ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়ানোর ঘটনায় মামলা দায়েরের দুই সপ্তাহ পর অন্যতম আসামি রাব্বি মিয়াকে (২৮) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি গুলিভর্তি একটি পিস্তল।
তবে রাব্বির বড় বোন সোহাগী বলেন, রাব্বি সন্ত্রাসী নন। মামলার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। তাঁর কাছে কোনো অস্ত্রও ছিল না। গোলাগুলির এ ঘটনা তাঁর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র।
গতকাল বুধবার বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, একাধিক মামলার আসামি সন্ত্রাসী রাব্বি মিয়াকে ধরতে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গোকুল গোরস্থান এলাকায় অবস্থান নেয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থল থেকে রাব্বিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়।
রাব্বিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বলেন, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সর্বশেষ স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় রাব্বির বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘সন্ত্রাসী রাব্বি ও তাঁর আরেক সহযোগী আতিকুল ইসলাম ওরফে আকুল প্রতিবেশী দুই স্কুলছাত্রীকে জোর করে বিয়ে করতে চাইলে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে নিয়ে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিল তার পরিবার। আরেক ছাত্রীকে তার পরিবার ভয়ে অন্যত্র রেখে এসেছিল। বিষয়টি জানতে পেরে গত ৩১ জানুয়ারি আমি বাড়িছাড়া পরিবারটিকে ফিরিয়ে আনি। অন্য স্কুলছাত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য তার পরিবারকে বলি।’ তিনি আরও বলেন, একই সঙ্গে ওই দুই বখাটে সন্ত্রাসী ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়। রাব্বিকে ধরা হয়েছে, আকুলও খুব শিগগির ধরা পড়বেন।