গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী ও অস্ত্রসহ আইনজীবী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর জুম্মন শেখ (৩২) নামে এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। আটকের পর জুম্মনের কাছ থেকে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

পৃথক আরেক ঘটনায় শিবগঞ্জ থানা-পুলিশ অবৈধ বিদেশি পিস্তলসহ এক আইনজীবী ও তাঁর দুই সঙ্গীকে আটক করেছে। তাঁদের কাছ থেকে দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।

এদিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলাদা অভিযান চালিয়ে ১৭টি নাশকতা মামলার আসামিসহ ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের ভাষ্যমতে, শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা ও তালিকাভুক্ত সন্ত্রাসী জুম্মন শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী সদর উপজেলার শাখারিয়া নামাপাড়ার নির্মাণাধীন একটি বাড়িতে সংগঠিত হচ্ছে। এ খবর পেয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত মঙ্গলবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায়। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন কনস্টেবল রেজাউল করিম ও উজ্জ্বল। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা দলনেতা জুম্মন শেখকে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ জুম্মনকে আটকের পর তাঁর দেহ তল্লাশি করে পিস্তল ও গুলি উদ্ধার হয়। জুম্মনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহত দুই পুলিশ সদস্য পুলিশ লাইনস হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। জুম্মন শেখের বিরুদ্ধে পাঁচটি হত্যা এবং একটি অস্ত্র মামলাসহ সাতটি মামলা রয়েছে।

এদিকে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশের একটি টহলদল মোকামতলা-জয়পুরহাট সড়কের আমতলী বন্দরে গাড়ি তল্লাশি করছিল। এ সময় উপজেলার গাড়িদহ বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহরে ফিরছিলেন মশিউল আলম এবং তাঁর দুই সঙ্গী আইনজীবী হজরত বেলাল ও পার্থ প্রতিম দাস গুপ্ত।

এসআই জাহিদ দাবি করেন, পুলিশের টহলদল মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে ওই তিন আরোহী দ্রুত পালানোর চেষ্টা করেন। পুলিশের হাতে আটক হওয়ার পর ওই তিনজনের মধ্যে আইনজীবী হজরত বেলালের কাছ থেকে চারটি গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল এবং পার্থ প্রতিম দাস গুপ্তের কাছ থেকে একটি গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে মোটরসাইকেলচালক মশিউল আলমের কাছে কোনো অস্ত্র বা গুলি পাওয়া যায়নি।

এসআই জাহিদ বলেন, ওই তিনজনকে গতকাল বুধবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল কালাম আজাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে গতকাল পর্যন্ত রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়নি।

অন্যদিকে বগুড়ার গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিরুল ইসলামের ভাষ্যমতে, গতকাল বুধবার ভোর রাতে ডিবির একটি দল শহরের সূত্রাপুরের একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্রশিবিরের শহর কমিটির সেক্রেটারি সাব্বির শাহরিয়ার ওরফে শুভ (২৭) এবং শহর শাখার আইন ও ছাত্রকল্যাণ সম্পাদক রফিকুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে। এর মধ্যে সাব্বির শাহরিয়ার বগুড়া সদর উপজেলা পরিষদের জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদের ছেলে এবং তাঁর বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার ১৭টি মামলা রয়েছে। অন্যদিকে রফিকুল ইসলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার শিলমানের পাড়া গ্রামের আবদুল আজিজ ব্যাপারীর ছেলে।