গুলিবিদ্ধ আ. লীগ নেতার মামলা, আসামি কারা বলেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম। ছবি: হাসান রাজা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম। ছবি: হাসান রাজা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম (৫০) পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। তদন্তের স্বার্থে আসামিদের নাম বলেনি পুলিশ। আওয়ামী লীগ নেতা আবদুল বাসিত আসামি কি না, পুলিশ জানায়নি।

আজ দুপুরে অস্ত্রোপচার করে শফিকুলের পায়ের গুলি বের করা হবে বলে জানিয়েছেন তাঁর চাচাতো ভাই আবু বকর সিদ্দিক।

শফিকুল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল বুধবার তিনি গুলিবিদ্ধ হন। প্রথম আলোর কাছে তিনি অভিযোগ করেন, ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা আবদুল বাসিত খানের উপস্থিতিতে তাঁর লোকেরা তাঁকে গুলি করেছে। চাঁদাবাজি ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আবদুল বাসিত একই ওয়ার্ডের দলের সহসভাপতি। অভিযোগ প্রসঙ্গে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করে বাসিতকে পাওয়া যায়নি।

মামলায় আবদুল বাসিতকে আসামি করা হয়েছে কি না, জানতে চাইলে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, তদন্তের স্বার্থে আসামিদের নাম বলা যাচ্ছে না। যেহেতু কমিশনারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে, সেহেতু কেউ সন্দেহের বাইরে নয়। ময়লার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করেই এ দ্বন্দ্বের শুরু বলে তিনি জানান।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শফিকুলের চাচাতো ভাই আবু বকর সিদ্দিক বলেন, গতকাল রাতে শফিকুল ইসলাম নিজেই বাদী হয়ে মুগদা থানায় মামলা করেছেন। মামলায় আবদুল বাসিত, স্থানীয় ছাত্রলীগ নেতা মামুনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁর ভাষ্য, প্রকাশ্যে জুয়ার ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আবু বকর সিদ্দিক আরও বলেন, তাঁর ভাইয়ের আজ বেলা একটার দিকে অস্ত্রোপচার হবে। তাঁর চার ব্যাগ রক্তের প্রয়োজন। পরিবারের সদস্যরা রক্তের ব্যবস্থা করছেন। দুই পায়ের গুলি বের করার পর তাঁর শারীরিক অবস্থা বোঝা যাবে বলে তিনি জানান।

পুলিশ সূত্র জানায়, রাজধানীর মানিকনগর বিশ্বরোডের মিয়াজান লেনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয় অবস্থিত। গত মঙ্গলবার রাত ১০টার পর আওয়ামী লীগের নেতা শফিকুলকে ওই কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে রাত ১১টার দিকে কার্যালয়ে উপস্থিত লোকজনের সঙ্গে শফিকুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১৫-২০ জন তাঁকে ও তাঁর বন্ধু আশরাফ আলী ওরফে বাবুকে মারধর করতে থাকেন। এ সময় দুই যুবক দুটি পিস্তল দিয়ে শফিকুলের দুই পায়ে চারটি গুলি করেন। পরে আশরাফ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শফিকুলের অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর বাসিত কথা আছে বলে দুজন লোক পাঠিয়ে বাসা থেকে তাঁকে কার্যালয়ে নিয়ে যান। এ সময় ওয়ার্ড কাউন্সিলর তাঁর লোকদের কর্মকাণ্ডে বাধা দিতে নিষেধ করেন। কাউন্সিলর তাঁকে চাঁদাবাজি ও মাদক ব্যবসার টাকার ভাগ দেওয়ারও প্রস্তাব দেন। তিনি এর প্রতিবাদ করায় রাসেল ও মামুন পিস্তল দিয়ে তাঁর দুই পায়ে চারটি গুলি করেন। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিকে) ফোন করলেও তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠাননি।

শফিকুল বলেন, গত ২৮ এপ্রিল সিটি নির্বাচনে বাসিত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন। নিজের লোকদের দিয়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজি করতে তিনি তিনটি দল গঠন করেন।