মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকিতে মাটি ভরাট নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজন মারা গেছেন। তাঁর নাম ইউনুস মৃধা (৩২)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
এ নিয়ে এ ঘটনায় তিনজন নিহত হলেন। নিখোঁজ আছেন দুজন।
পুলিশ জানায়, ১৪ জুলাই রাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনুস মৃধার শরীরে একাধিক গুলি বিদ্ধ হয়। এরপর তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। ইউনুসের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে চরবলাকির গ্রামের বাড়িতে নেওয়া হয়। ইউনুস মৃধার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ইউনুস মাছের ব্যবসা করতেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম বলেন, ‘আগের হত্যা মামলার সঙ্গে ইউনুসের মারা যাওয়ার বিষয়টি যোগ হবে। আলাদা কোনো মামলা হবে না। আমরা এ মামলার মূল আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’
১৪ জুলাই চরবলাকি এলাকায় ম্যাক্সন ও সিনহা গ্রুপের পক্ষে মাটি ভরাট নিয়ে গজারিয়ার হোসেন্দি ইউনিয়নে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ২৮ জন গুলিবিদ্ধ হন। এঁদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় হোসেন্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাপ হোসেন ব্যাপারী ও তাঁর ছোট ভাই আইয়ুব ব্যাপারী মারা যান। এ ঘটনায় নিখোঁজ হন আওলাদ হোসেন ও জুয়েল নামের আরও দুজন। জুয়েল নিহত গোলাপ ব্যাপারীর ভাই। ওই ঘটনার তিন দিন পর ১২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে নিহত দুই ভাইয়ের বাবা মজু ব্যাপারী থানায় মামলা করেন।