গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে গুলিবিদ্ধ সাঁওতাল শ্যামল হেমব্রম (৩৫) গত রোববার রাতে মারা গেছেন। গতকাল সোমবার সকালে সাহেবগঞ্জে আখ খামার-সংলগ্ন মাদারপুর গ্রামে সাঁওতালদের বাড়িঘরে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শ্যামল হেমব্রম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ধনগইর গোমস্তাপুর গ্রামে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. আশরাফুল হক মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, শ্যামল হেমব্রমের বঁা পাঁজরে গুলি লেগেছিল।
গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে রোববার পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে তিরবিদ্ধ হয় নয়জন এবং গুলিবিদ্ধ হয় চারজন। তিরবিদ্ধ ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে গ্রেপ্তারের ভয়ে গুলিবিদ্ধ সাঁওতালদের রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শ্যামল হেমব্রম দিনাজপুরে মারা যান। দুজনকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে রোববার রাতে ৪২ জনের নাম উল্লেখ করে প্রায় ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেন। পুলিশের ওপর হমলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, রোববার চিনিকল কর্তৃপক্ষ আখ সংগ্রহ করতে গেলে সাঁওতালরা চারদিক থেকে তির-ধনুক নিয়ে বাধা দেয়। সাঁওতালদের কেউ গুলিবিদ্ধ হয়নি। তাদের নিজেদের ছোড়া তিরে নিজেরাই বিদ্ধ হতে পারে।
সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর গ্রামে গতকাল দুপুরে সরেজমিনে জানা যায়, গ্রেপ্তারের ভয়ে গ্রামের পুরুষদের অধিকাংশই পালিয়ে গেছে। কেবল পরিবারের নারীরা আহাজারি করছেন।