গুলিবিদ্ধ গাভিটি এখনো শঙ্কামুক্ত নয়

ঝিনাইদহে জঙ্গি অভিযানে গুলিবিদ্ধ গাভিটি এখনো আশঙ্কামুক্ত নয়। এটির কতটুকু রক্তক্ষরণ হয়েছে, তা এখনো বুঝতে পারছেন না চিকিৎসক। এরই মধ্যে গাভিটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবির। আজ সোমবার তিনি গাভির মালিক মরিয়ম বেগম ও তাঁর স্বামী ভ্যানচালক বাবলুর রহমানের হাতে চিকিৎসার জন্য টাকা তুলে দেন।
ওসি জানান, এই গাভির চিকিৎসার খরচ সব দেওয়া হবে। গাভিটিকে বাঁচানোর শেষ চেষ্টা করবেন তাঁরা। আর বাঁচানো না গেলে গাভির মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আজ গাভিটি দেখতে যান ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাফিজুর রহমান। তিনি চিকিৎসার খোঁজখবর নেন।
মহেশপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক সিদ্দিকুর রহমান জানান, তাঁরা গাভিটিকে সব ধরনের চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন। তিনি জানান, গাভিটির যে স্থানে গুলি লেগেছে, সেখানে কতটুকু রক্তক্ষরণ হয়েছে, তা বোঝা যাচ্ছে না। এটা বোঝা গেলে গাভিটির বাঁচা-মরার বিষয়টি বোঝা যেত। তিনি বলেন, গাভিটি আশঙ্কামুক্ত নয়। তবে তাঁরা চেষ্টা করছেন বাঁচানোর।
গত রোববার মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে জঙ্গিবিরোধী এক অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিযানে দুই জঙ্গি নিহত ও তিনজন আটক হয়। অভিযান চলাকালে গোলাগুলিতে জহুরুল ইসলামের প্রতিবেশী বাবলুর রহমানের গোয়ালঘরে বেঁধে রাখা একটি গাভি গুলিবিদ্ধ হয়। বাবলুর স্ত্রী মরিয়ম বেগম কী করবেন, বুঝতে পারছিলেন না। পরে বাড়ি থেকে কিছুটা দূরে গুলিবিদ্ধ গাভিটিকে নিয়ে গাছের নিচে বসে কান্নাকাটি করতে থাকেন মরিয়ম। অর্থের অভাবে তিনি গাভিটিকে ঠিকমতো চিকিৎসা করাতে পারছিলেন না। গাভিটির প্রতি মায়ার পাশাপাশি ভেতরে-ভেতরে একধরনের আশঙ্কাও ভর করে মরিয়মের মনে। কারণ, এনজিও থেকে ঋণ নিয়ে গাভিটি কেনেন তিনি। এটি মরে গেলে কী করে ঋণ পরিশোধ করবেন, সে আশঙ্কা করছেন।
আরও পড়ুন