গুলিবিদ্ধ ডাকাত দেলোয়ারের মৃত্যু
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার একাধিক মামলার আসামি গুলিবিদ্ধ ডাকাত দেলোয়ার হোসেনের (৪০) মৃত্যু হয়েছে।
দেলোয়ার হোসেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মাগুরমারী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম কুতুব উদ্দিন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাগুরমারী চৌরাস্তা এলাকায় ভজনপুর হাইওয়ে পুলিশের গুলিতে গত সোমবার দুপুরে গুলিবিদ্ধ হন দেলোয়ার। ওই দিনই প্রথমে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনার দিনই দেলোয়ারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তসহ সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে পঞ্চগড়ের সার্কেল এএসপি মো. কফিলউদ্দিন প্রথম আলোকে বলেন, দেলোয়ারের বিরুদ্ধে তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর থানায় ডাকাতি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা রয়েছে।
ডাকাত দেলোয়ার মোটরসাইকেলে করে যাওয়ার সময় ভজনপুর হাইওয়ে পুলিশ মাগুরমারী চৌরাস্তা এলাকায় তাঁকে থামানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেলোয়ার তাঁর ভাইসহ লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাইওয়ে পুলিশের ওপর আক্রমণ করেন। এ সময় পুলিশ তিনটি গুলি চালায়। এতে একটি গুলি দেলোয়ারের পেটের বাঁ পাশে লাগে।