গুলিবিদ্ধ দুজনসহ ডাকাত সন্দেহে ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর গুলিবিদ্ধ দুজনসহ ডাকাত দলের সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল ও নয়াকান্দি-রাঘভী সংযোগ সড়কসংলগ্ন মুকসুদপুর উপজেলার বাটিকামারিতে একটি পরিত্যক্ত বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত বাটিকামারীর চর বাহারা গ্রামের নূরুল ইসলাম শেখ (২৭) ও মাদারীপুরের রাজৈরের হৃদয়নন্দী গুচ্ছগ্রাম এলাকার কামাল উকিলকে (২৫) গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার করা অন্য চার ব্যক্তি হলে বাটিকামারির মধ্য বাহারা গ্রামের মিঠু শেখ (২৫), মৌলভী বাহারা গ্রামের এনায়েত মোল্লা (৩০) ও চর বাহারা গ্রামের শহীদ শেখ (২০) এবং গোপালগঞ্জ সদরের কৃষ্ণপুর গ্রামের সুখদেব বিশ্বাস (২৫)।
তাদের কাছ থেকে একটি এলজি, দুটি গুলি, দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও গ্রিল কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়েছে।
মুকসুদপুর থানার পুলিশ জানায়, ওই ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপনে এমন খবর পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ গুলিবিদ্ধ দুজনসহ ছয়জনকে গ্রেপ্তার করে এবং আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল হক গতকাল সোমবার দুপুরে এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, পুলিশের সঙ্গে ডাকাতদলের সদস্যদের গুলি বিনিময় হয়েছে। পুলিশ আটটি গুলি ছোড়ে। তিনি বলেন, এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) মো. নওশের বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।