গুলিবিদ্ধ দুজনের একজন মারা গেছেন
রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের সামনের সড়কে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের একজন মারা যান।
র্যাব বলছে, এঁরা ছিনতাইকারী। আহত অবস্থায় গ্রেপ্তার করার সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে পাঁচ-ছয়জন ছিনতাইকারী ঢাকেশ্বরী মন্দিরের সামনে ছিনতাইয়ের জন্য জড়ো হয়। গোপন খবরের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল সেখানে অভিযান চালায়। ছিনতাইকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুই ছিনতাইকারী আহত হন। অন্যরা পালিয়ে যান। র্যাব সদস্যরা আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁদের একজনের নাম আবদুল বারেক (৪৫)। অন্যজনের আলমগীর (৩৫)। হাসপাতালে র্যাবের পাহারা বসানো হয়েছে।
হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, রাত সাড়ে আটটার দিকে আলমগীর মারা যান। এর আগে চিকিৎসক জানিয়েছিলেন, আলমগীরের বাঁ চোখের পাশে গুলি ঢুকেছে এবং বাঁ ঊরুতে গুলি লেগেছে। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়।
র্যাব-১০-এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহাবুদ্দীন খান প্রথম আলোকে বলেন, অভিযানের সময় এক ছিনতাইকারী তাঁদের ব্যবহৃত একটি গাড়ি থেকে নেমে এবং আরেকজন গাড়ির ভেতরে বসে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে র্যাবও গুলি করে। আহত ছিনতাইকারীদের সহযোগীরা এ সময় পালিয়ে যান। তিনি বলেন, এঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য।
আরও পড়ুন...
ঢাকেশ্বরী এলাকায় গুলিবিদ্ধ দুজন ছিনতাইকারী: র্যাব