গুলিবিদ্ধ পাঁচজন শঙ্কামুক্ত, হল ত্যাগ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। ওই কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক তালুকদার মো. লোকমান হাকিম। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার দুপুরে ক্যাম্পাসে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশের সাত সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন। গুলিবিদ্ধ হন ছাত্রলীগের পাঁচ কর্মী। প্রাথমিক চিকিৎসায় তাঁরা বর্তমানে শঙ্কামুক্ত। পুলিশি এ হামলার প্রতিবাদে ছাত্রলীগ গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।
সংঘর্ষের ঘটনায় রোববার রাতেই উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা এক জরুরি সিন্ডিকেট সভায় বসেন। রাত নয়টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই সভায় আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
ওই সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করেন। ৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালু ও আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।
আশঙ্কামুক্ত গুলিবিদ্ধ পাঁচজন: সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে আহত ছাত্রলীগের পাঁচ কর্মী হলেন শাহীনুর রহমান, রানু, মাসুদ, অমিত ও সুমন। তাঁদের বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাহীনুর রহমান রোববার রাত ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা এখন শঙ্কামুক্ত।
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল: আবাসিক হল বন্ধের প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আহমেদ সাজনের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা আবাসিক হল ও ক্যাম্পাস বন্ধ করার ফলে শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।