ফেনীর সোনাগাজীতে গত বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে ডাকাত দলের সদস্যদের গোলাগুলি হয়েছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের বাদামতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গোলাগুলিতে পুলিশের সদস্য চার আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি এলজি, একটি পাইপগান, চারটি গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করে। গুলিবিদ্ধ যুবকের নাম শরীফ হোসেন (২৫)। তিনি উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের বাসিন্দা। পুলিশের আহত সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ভূদেব সরকার, কনস্টেবল হানিফ মিয়া, আবদুল লতিফ ও সুদত্ত চাকমা।
শরীফ হোসেনকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা প্রথম আলোকে বলেন, পুলিশ শুক্রবার ভোরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শরীফ নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে পুলিশ হেফাজতে ভোরেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের সদস্যদের আঘাত সামান্য হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বাদামতলী এলাকায় একদল সশস্ত্র লোক অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে বেশ কয়েকটি পাল্টা গুলি চালায়।
হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার শরীফ হোসেন আন্তজেলা ডাকাত দলের সদস্য। ২১ জুন রাতে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তিনি এজাহারনামীয় আসামি। তাঁর বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।