গুলিবিদ্ধ যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলি করে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার ভোরে যশোরের শার্শা উপজেলার অগ্রভুলট সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম আবদুল মালেক (২৬)। তিনি অগ্রভুলট গ্রামের আরশাদ আলীর ছেলে।
গতকাল দুপুর ১২টার দিকে অগ্রভুলট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, তাদের ছোড়া প্লাস্টিকজাতীয় পটকার স্প্লিন্টারের আঘাতে ওই যুবকের বাঁ পা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাসেবা শেষে তাঁকে ফেরত দেওয়া হবে।
বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার রাতে খোকনসহ কয়েকজন ভারতে গরু আনতে যান। ভোরে ইছামতী নদী পার হয়ে গরু নিয়ে দেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় খোকনকে ধরে বেদম মারধর করেন বিএসএফের সদস্যরা। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।