গুলিবিদ্ধ যুবলীগ নেতা রাজীব মারা গেছেন
নাটোরে গত শনিবার জাতীয় শোকদিবসের আলোচনা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হওয়া যুবলীগ নেতা রাজীব হোসেন আজ বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নাটোর থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, নাটোরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যেকার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী রাজীব হোসেন গত শনিবার রাতে রাজশাহী হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে গত দুই দিন ধরে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ রাত ৮টার দিকে তিনি মারা যান।
নিবিড় পরিচর্যা কেন্দ্রের ওয়ার্ড মাস্টার মোশারফ হোসেন রাত ৯টার দিকে রাজীব হোসেনের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি জানান, রাজীবের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহীর রাজপাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে দিয়ে দেওয়া হবে।
এদিকে রাজীবের মৃত্যুর খবর পাওয়ার পর পরই তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে রাতেই রাজশাহীতে গেছেন লাশ নিয়ে আসার জন্য।
জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও পিপি সিরাজুল ইসলাম জানান, নাটোরে কাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেতা-কর্মীদের শান্ত থাকার কথা বলা হয়েছে।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, শহর শান্ত রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
গত শনিবার সন্ধ্যায় নাটোর শহরের একতার মোড়ে জাতীয় শোক দিবসের সভা চলাকালে যুবলীগের কিছু কর্মী তেবাড়িয়া বাজার এলাকায় পৌঁছালে বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় যুবলীগ কর্মী রাজিব হোসেন ও নাজমুল হোসেন গুলিবিদ্ধ হন। ওই রাতেই রাজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল আমীন তালুকদার দুলুসহ প্রায় ১০০ জনের বিরুদ্ধে ইতিমধ্যে সদর থানায় মামলা করা হয়েছে। মামলায় ২৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।