গুলিবিদ্ধ লাশ দুটি শনির আখড়ার সাঈদ ও মাসুমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকার অংশের রাস্তার ঢাল থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ দুটি লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার শনির আখড়ার রায়েরবাগ এলাকার তছলিমের ভাড়াটে সাঈদ মুসা ওরফে সুজন (২৬) এবং একই এলাকার শামীমের ভাড়াটে মাসুম (২৫)।
পরিবারের দাবি, তাঁরা দিনমজুর। তবে পুলিশের দাবি, তাঁরা ছিনতাইকারী চক্রের সদস্য। গতকাল বুধবার সকালে সাঈদের বোন জিয়াছমিন এবং মাসুমের স্ত্রী মুন্নী বন্দর থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। তবে হত্যার কারণ সম্পর্কে তাঁরা কিছু জানাতে পারেননি। তাঁরা দাবি করেন, সাঈদ ও মাসুম দুজন ঘনিষ্ঠ বন্ধু। তাঁরা দুজনই দিনমজুর। সাঈদ নওমুসলিম। হত্যার ঘটনায় সাঈদের বোন জিয়াছমিন বন্দর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
জিয়াছমিন বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে সাঈদ বাসা থেকে বের হন। তাঁকে জানান, নিজের জন্য প্যান্ট ও ভাগনের জুতা কিনতে তিনি কাঁচপুর যাচ্ছেন। এ সময় তিনি মাসুমকেও সঙ্গে নিয়ে যান। পরে মধ্যরাতে পুলিশ ফোন করে বন্দর থানায় দুটি লাশ আছে বলে জানায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া সিমবিহীন একটি মুঠোফোন পাওয়া যায়। মুঠোফোনটি গত মঙ্গলবার সন্ধ্যায় ছিনতাই হয়েছে বলে তাঁরা জানতে পারেন। পরে সাঈদের মানিব্যাগে থাকা একটি নম্বরে যোগাযোগ করে তাঁদের পরিচয় পাওয়া যায়। তিনি আরও বলেন, তাঁেদর ধারণা, নিহত ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা ভাগাভাগির জের ধরে তাঁরা খুন হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা এলাকার অংশে রাস্তার ঢাল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয় হিসেবে সাঈদ ও মাসুমের লাশ উদ্ধার করে পুলিশ।