গুলিবিদ্ধ শিশুটিকে রক্ত দেওয়া হলো
মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুটিকে গতকাল শনিবার রক্ত দেওয়া হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, শিশুটির রক্তে প্লাটিলেটের পরিমাণ স্থিতিশীল থাকছে না। কখনো বাড়ছে, কখনো কমছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক বলেন, শিশুটি সুস্থ হয়ে উঠছে বলতে পারলে সবাই স্বস্তি পেতেন। কিন্তু এই অপরিণত গুলিবিদ্ধ শিশুটির ক্ষেত্রে মন্তব্য করা ঠিক হবে না। শুক্রবার শিশুটিকে ৩০ ফোঁটা দুধ খাওয়ানো হয়। গতকাল ৫০ ফোঁটা। রক্তে প্লাটিলেটের মাত্রা কখনো ৪০ হাজারে নামছে। এটি বাড়লে এবং স্থিতিশীল থাকলে ভালো হতো।
শিশুটির জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরিসর গতকাল বাড়ানো হয়েছে। বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের চেয়ারম্যান আবদুল মান্নানকে যুক্ত করা হয়েছে। ১০ সদস্যের এই বোর্ডে শিশু সার্জারি ও নবজাতক বিভাগের বাইরেও অস্থি, চক্ষু, হৃদ্রোগ, বক্ষব্যাধি বিভাগের বিশেষজ্ঞরা আছেন।
অসুস্থতার জন্য গতকালও শিশুটির সঙ্গে মা নাজমা দেখা করতে পারেননি। তবে বাবা বাচ্চু ভূঁইয়া মেয়েকে দেখেছেন। তিনি বলেন, ‘প্রথম দিন তো বেহুঁশের মতো পড়িছিল। আজ একটু ভালো মনি হলো।’
গত ২৩ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা নাজমা বেগম। জরুরি অস্ত্রোপচারের পর মাগুরা সদর হাসপাতালে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। ওই ঘটনায় মায়ের পেটে থাকা শিশুটির পিঠে গুলি লেগে বুক দিয়ে বেরিয়ে যায়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।