গুলিবিদ্ধ শ্রমিক লীগ নেতার মৃত্যু
প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ১৮ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন নাটোরের শ্রমিক লীগ নেতা মাসুদ রানা (৩৪)। কিন্তু আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়। তিনি জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদকও ছিলেন।
নাটোর থানা সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় যমুনা ডিস্টিলারিজের কারখানার সামনের রাস্তায় মাসুদ রানা গুলিবিদ্ধ হন। আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রতিপক্ষ তাঁকে ও তাঁর সঙ্গে থাকা শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক রাসেল আহমেদকে (৩৩) পেছন থেকে গুলি করে। ওই রাতে তাঁদের দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে গুলি উদ্ধার করা হয়। তাঁকে রাখা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানে আজ সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মাসুদ রানার ভাই বাদী হয়ে যুবলীগ কর্মী আফজাল ওরফে মুরগি আফজাল, রতন ও রফিকুল ইসলামের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন।
নাটোর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মাসুদ রানার মৃত্যুর ফলে আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। মামলার আসামি রফিকুল ইসলাম ৬ মার্চ শহরের বনবেলঘরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। অন্য দুই আসামি পলাতক।