গুলিবিদ্ধ হওয়ার কারণ খুঁজে পাচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণভবনের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ পুলিশ সদস্য আতিকুর রহমান (২৮) শুক্রবার রাতে মারা গেছেন। আহত হওয়ার পরপরই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন, সে সম্পর্কে গতকাল শনিবার পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি।

নিহত আতিকুর রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গঠিত পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন-২) নায়েক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে।

এসপিবিএনের পুলিশ সুপার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, গণভবন এলাকার মতো সুরক্ষিত স্থানে নাশকতার কোনো আশঙ্কা নেই। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি আত্মহত্যাজনিত।

আতিকুরের বড় ভাই মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, স্ত্রী ও দেড় বছরের মেয়েকে নিয়ে আতিকুর মোহাম্মদপুরের চাদ উদ্যানের একটি বাসায় ভাড়া থাকতেন। তাঁর পরিবারে কোনো বিবাদ নেই। কী কারণে তিনি আত্মহত্যা করবেন, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না।

গণভবনের উত্তর ফটকে জামে মসজিদের পাশে দায়িত্বে থাকা অবস্থায় শুক্রবার রাত পৌনে ১১টার দিকে আতিকুর গুলিবিদ্ধ হন। সেখান থেকে পুলিশের একটি দল রাত ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আতিকুরের ব্যবহার করা চায়নিজ রাইফেল ও একটি গুলি জব্দ করেছে। ব্যালিস্টিক পরীক্ষার জন্য এসব পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠানো হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস গতকাল প্রথম আলোকে বলেন, ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে রাইফেল ‘মিসড’ ফায়ার হয়েছে, না ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। আতিকুর ডিউটিতে অংশ নেওয়ার সময় তাঁর রাইফেলে ২০টি গুলি ছিল, তিনি আহত হওয়ার পর ওই রাইফেলে ১৯টি গুলি পাওয়া গেছে।

শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, গত শুক্রবার রাতে এসপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলাম বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। মামলায় বলা হয়, তিনি ও আতিকুর এক পোস্টে দায়িত্বরত ছিলেন। একপর্যায়ে আতিকুরের কাছ থেকে আট-দশ গজ দূরে ছিলেন। এ সময় গুলির শব্দে তিনি ফিরে এসে দেখেন আতিকুর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, তিনি কথা বলতে পারছে না।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল প্রথম আলোকে বলেন, তিনি মনে করছেন, আতিকুর কর্তব্যরত অবস্থায় নিজ চায়নিজ রাইফেল বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন।