গুলিবিদ্ধ হয়ে পুলিশ কর্মকর্তা ও স্ত্রী নিহত
রাজধানীর রূপনগরে পুলিশের এক কর্মকর্তা ও তাঁর স্ত্রী গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার রূপনগরে ভাড়া করা বাসায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, স্ত্রীকে গুলি করে হত্যা করে পুলিশ কর্মকর্তা নিজে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।
নিহত ব্যক্তিরা হলেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার (৩২) ও তাঁর স্ত্রী শম্পা খাতুন (২৫)। পুলিশ বলেছে, শম্পা আবদুস সাত্তারের দ্বিতীয় স্ত্রী। শম্পা পল্লবীতে একটি ক্লিনিকে কাজ করতেন। আবদুস সাত্তারের প্রথম স্ত্রী ববিতা খাতুনের ঘরে দুই ছেলেসন্তান রয়েছে। ববিতা ও শম্পা খালাতো বোন।
রূপনগরের ২২ নম্বর সড়কের একটি সাততলা বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন এই দম্পতি। গতকাল রাত সাড়ে নয়টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান ফটকে পুলিশের পাহারা। বাসিন্দা ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে কর্তব্যরত পুলিশের সদস্য তথ্য সংগ্রহ করতে রূপনগর থানায় যাওয়ার পরামর্শ দেন। থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ আলম গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি।
জানতে চাইলে মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার জাকির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আবদুস সাত্তার এক বছর আগে শম্পাকে বিয়ে করেন। ছয় মাস আগে ওই বাসায় ওঠেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে গুলির শব্দ পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ সেখানে যায়। তারা বাইরে থেকে ফ্ল্যাটের দরজা ধাক্কাধাক্কি করলেও ভেতর থেকে কেউ সাড়া দেননি। পরে পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, দুজন গুলিবিদ্ধ অবস্থায় পাশাপাশি পড়ে আছেন।
জাকির হোসেন বলেন, পুলিশ দুজনকেই জীবিত অবস্থায় পায়। এরপর তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মনে হচ্ছে, আবদুস সাত্তার তাঁর স্ত্রীকে গুলি করার পর নিজে গুলিতে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, আবদুস সাত্তার কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন। খুব অল্প সময়ের মধ্যে পদোন্নতি পেয়ে উপপরিদর্শক হন। এ থেকে বোঝা যায়, পেশাগত জীবনে তিনি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন। মূলত পারিবারিক কলহ থেকে ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ বলেন, আবদুস সাত্তার তাঁর সরকারি অস্ত্র ব্যবহার করেছেন। দুটি গুলির খোসা ঘটনাস্থলে পাওয়া গেছে। তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আবদুস সাত্তার তাঁর স্ত্রী যে ক্লিনিকে কাজ করতেন, সেখানে গিয়ে তাঁকে জোর করে নিয়ে আসেন। ক্লিনিক কর্তৃপক্ষ তখন থানায় বিষয়টি জানায়।