কক্সবাজারের মহেশখালী উপজেলার পূর্ব কালাগাজীর পাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সন্ত্রাসী জোনাব আলী ও জালাল বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে পাঁচজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন। পরে পুলিশের সঙ্গেও জোনাব আলী বাহিনীর ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া বলেন, দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় রাত আটটা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।
গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিরা হলেন রবিউল আলম (২২), আমানুল করিম (২০), শফি আলম (২৫), জাহাঙ্গীর আলম (২৫) ও আবদুল মজিদকে (২২)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইশতিয়াক খালেদ বলেন, গুলিবিদ্ধ পাঁচজনকে প্রথমে এখানে আনা হয়। পরে তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, পূর্ব কালাগাজীর পাড়া এলাকায় সংরক্ষিত পাহাড়ি জমির পানের বরজ দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ১৯৯৪ সাল থেকে জোনাব আলী ও জালাল আহমদের সন্ত্রাসী বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছে। ২০১৪ সালের ১৪ এপ্রিল জোনাব আলী বাহিনীর লোকজন বসতবাড়িতে হামলা চালিয়ে জালাল বাহিনীর সদস্য রহমতউল্লাহকে অপহরণ করে হত্যা করে। এ ঘটনার পর থেকে জালাল বাহিনীর লোকজন এলাকাছাড়া হয়ে যায়। গতকাল বেলা ১১টার দিকে জালাল বাহিনীর লোকজন ফিরলে জোনাব আলী বাহিনীর লোকজন মকছুদ মিয়া, ছৈয়দ মিয়া, নুরুল ইসলাম ও সাবের আহমদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। দুপুর ১২টার দিকে পুলিশ গেলে জোনাব আলী বাহিনীর সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিকেল সাড়ে চারটার দিকে আবার জোনাব আলী ও জালাল বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় জোনাব আলী বাহিনী জালাল বাহিনীর এমদাত মিয়া ও সাদাত কবিরের বসতবাড়ি পুড়িয়ে দেয়। এ সময় ১২ জন আহত হন। পরে জালাল বাহিনীর লোকজন পালিয়ে যায়। বিকেল পাঁচটার দিকে পুলিশ গেলে জোনাব আলী বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, সন্ত্রাসী জোনাব আলী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশ ১৫টি গুলি ছুড়েছে।