গুলিভরা পিস্তলটি নূর হোসেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া গুলিভরা পিস্তলটি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের। আর গাড়িটির মালিক সোনারগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরে আলম খান। তিনি নূর হোসেনের শ্যালক।

আজ শনিবার বিকেলে ঢাকা রেলওয়ে থানার অপারেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিরা পালিয়ে গেলেও জিআরপি থানার পুলিশ প্রাইভেট কার থেকে একটি ম্যাগাজিনে ২০টি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, পিস্তলটির মালিকের সন্ধান পেতে গতকাল শুক্রবার রাতে জিআরপি থানা থেকে দেশের বিভিন্ন জেলার থানায় বেতার বার্তা পাঠানো হয়েছিল। বার্তা পেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের থানা পুলিশ গতকাল ঢাকা জিআরপি থানায় আসে। পিস্তলের গায়ে লেখা নম্বরের সঙ্গে কাগজপত্র মিলিয়ে দেখে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিশ্চিত হয় অস্ত্রটির মালিক প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের মামলার আসামি নূর হোসেনের।
জিআরপি থানার কর্মকর্তারা বলেন, নূর হোসেন ও তাঁর স্বজনদের নামে ১১টি পিস্তলের লাইসেন্স রয়েছে। এর মধ্যে নয়টি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের থানা পুলিশের হেফাজতে আছে। বাকি দুটির হদিস ছিল না। শুক্রবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া পিস্তলটি এর একটি। খোয়া যাওয়া দুটি পিস্তলের লাইসেন্স ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে।
জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, লাইসেন্স বাজেয়াপ্ত হওয়ার পরও নূর হোসেন তাঁর দুটি পিস্তল থানায় জমা দেননি। বাজেয়াপ্ত ঘোষণার পর পিস্তলটি জমা দেওয়া হয়নি। এখন যাঁরা পিস্তলটি ব্যবহার করছেন তাঁদের বিরুদ্ধে মামলা হবে।
জিআরপি থানার পুলিশ আরও জানিয়েছে প্রাইভেট কারটি নূর হোসেনের শ্যালক নূরে আলমের। গাড়িটি তিন মাস আগে গুলশান ১১১ নম্বর অটো মিউজিয়াম থেকে কেনা। গাড়িটির এখনো কোনো নিবন্ধন হয়নি। তবে গাড়ি থেকে শো রুমের টোকেন পাওয়া গেছে। এর নম্বর ৪৬২/ও। ঠিকানা—নূরে আলম, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ।
খোঁজ নিয়ে জানা গেছে, নূরে আলম খান সোনারগাঁ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। দুর্ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী গাড়িতে ছিলেন।
এদিকে দুর্ঘটনায় আহতদের একজনকে শনাক্ত করেছে জিআরপি থানার পুলিশ। মাথায় গুরুতর আঘাত পাওয়া ব্যক্তিটির নাম এম এ রহমান ওরফে আনসার আলী। বসুন্ধরার এপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিত্সাধীন। ‘থ্রি অ্যানজেল শিপিং লিমিটেডের’ আনসার আলী পুলিশি নজরদারিতে আছেন। সুস্থ হয়ে ওঠার পর জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করছে পুলিশ। দুর্ঘটনায় আহত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
জিআরপি থানার পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। পিস্তল উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গতকাল শুক্রবার বিকেলে মালিবাগ রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় একটি প্রাইভেট কারের তিন যাত্রী আহত হন। রেললাইনে প্রতিবন্ধক দণ্ড ফেলে দেওয়া হলেও বিপরীত দিক থেকে প্রাইভেট কারটি রেললাইনে উঠে বিকল হয়ে যায়।