গুলিভর্তি বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার
নরসিংদীতে গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ অন্নয় হাসান ওরফে রুবেল (৩০) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে শহরের পশ্চিম ব্রাহ্মণদী মহল্লার খালপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অন্নয় হাসান পশ্চিম ব্রাহ্মণদী মহল্লার গোলাম মোস্তফা মিয়ার ছেলে। সে শহর বিএনপির ক্রীড়া সম্পাদক ও জেলা তরুণ দলের সভাপতি।
সদর মডেল থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পশ্চিম ব্রাহ্মণদী মহল্লা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর দেওয়া তথ্যমতে তাঁর নিজ বাসা থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে নরসিংদী সরকারি কলেজ ও খালপাড় এলাকায় দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্নয় হাসান একজন পেশাদার সন্ত্রাসী।