গুলির শব্দের পরেই 'বাঁচাও বাঁচাও' চিৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হঠাৎ একটি গুলির শব্দ। এরপরই ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে করতে সামনের দিকে দৌড়ে আসতে থাকেন পুলিশ কনস্টেবল নূরে আলম সিদ্দিকী। এর পরপরই ধূসর রঙের একটি মোটরসাইকেলে করে দুজনকে চন্দ্রা মোড়ের দিকে পালিয়ে যেতে দেখি।’

কথাগুলো বিআরটিসি বাসের চালক কনক দাশের। আজ বৃহস্পতিবার প্রথম আলোর কাছে তিনি এভাবেই বিবরণ দিচ্ছিলেন আশুলিয়ার বাড়ইপাড়ায় গতকাল বুধবার পুলিশের তল্লাশি চৌকিতে হামলার বিষয়ে। ওই হামলায় খুন হন মুকুল নামে এক পুলিশ সদস্য।

কনক দাশ বলেন, ‘কনস্টেবল নূরে আলমকে রক্তাক্ত অবস্থায় ঢাল বেয়ে নামতে দেখে ছুটে গিয়ে তাঁর পাশে দাঁড়াই। তাঁকে হাসপাতালে নেওয়া পর্যন্ত সহায়তা করি।’

কনক দাশ আরও বলেন, ঘটনার পর তিনি রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে ছিলেন। মোটরসাইকেলে করে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন জড়ো হন ঘটনাস্থলে। পরে তাঁরা শালবনের ভেতর থেকে অক্ষত অবস্থায় তিন কনস্টেবলকে খুঁজে বের করেন। ওই সময় তাঁদের বেশ আতঙ্কিত দেখাচ্ছিল।
এদিকে ওই হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বাসচালক কনক দাশসহ পাঁচজনকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আজ সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশের তল্লাশি চৌকিটি বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশে থাকা পাঁচটি খাবারের হোটেল ও একটি দোকান বন্ধ। ওই এলাকায় আজ কোনো মানুষজন নেই বললেই চলে। বেলা ১১টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। নন্দন পার্কের সামনে বিআরটিসি বাসের কাউন্টারের সামনে দু-তিনটি বাস দাঁড়িয়ে আছে। সাভার পরিবহন নামে নন্দন থেকে সদরঘাটগামী বাস সার্ভিসের কাউন্টারটিও বন্ধ। সকাল থেকে এ পরিবহনের কোনো বাস ছাড়েনি।
নন্দন পার্কের সামনে মিলন রহমান নামে বিআরটিসি বাসের কাউন্টারের একজন কর্মচারী প্রথম আলোকে জানান, গতকাল রাতভর পুলিশ ঘটনাস্থলের আশপাশের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত আছে। হামলার ঘটনা সম্পর্কে জানতে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

বাড়ইপাড়ায় তল্লাশি চৌকিটি বন্ধ করে দেওয়া প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, আপাতত এটি বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, গত রাতে থানার উপপরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা দুজনকে মূল আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এই মামলায় আসামি করা হয়েছে।
রাজধানীর গাবতলীতে পুলিশের তল্লাশিচৌকিতে এক এএসআই খুন হওয়ার ১৩ দিনের মাথায় গতকাল সকালে আশুলিয়ার বাড়ইপাড়ায় খুন হলেন আরেক পুলিশ সদস্য মুকুল হোসেন (২৫)। এ দিনের ঘটনায় কনস্টেবল নূরে আলম সিদ্দিকী আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তারা এই হামলার জন্য জঙ্গিদের দিকে ইঙ্গিত করেছেন। গতকাল হামলার শিকার পাঁচ পুলিশের কাছে পাঁচটি চায়নিজ রাইফেল ছিল। তাঁরা শিল্প পুলিশ-১-এ কর্মরত ছিলেন। গতকাল সন্ধ্যায় অস্ত্রোপচারের পর নূরে আলমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।