সংসদীয় কমিটিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অভিযোগ
গুলিস্তান কমপ্লেক্সের ৩৪৩টি দোকান অবৈধ দখলে
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান শপিং কমপ্লেক্সের ৩৪৩টি দোকান প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে দখল করে রেখেছেন। ট্রাস্ট এসব দোকান থেকে কোনো ধরনের ভাড়া আদায় করতে পারছে না।
গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ অভিযোগ করেছে ট্রাস্ট। সংসদীয় কমিটি গুলিস্তান কমপ্লেক্স তদারকি এবং দখল হওয়া দোকান পুনরুদ্ধারের জন্য কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরীকে আহ্বায়ক এবং আশেক উল্লাহ রফিক ও স্বপন ভট্টাচার্যকে সদস্য করে একটি উপকমিটি গঠন করেছে।
গতকাল জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, গুলিস্তান শপিং কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় নির্মাতা প্রতিষ্ঠান ইস্টার্ন ইঞ্জিনিয়ার্সের সঙ্গে ট্রাস্টের বিরোধ চলছে। নির্মাতা প্রতিষ্ঠান ২০০১ সালে ২০ তলাবিশিষ্ট গুলিস্তান কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করলেও এখন পর্যন্ত মাত্র ১২তলা ভিত্তি করতে পেরেছে। অথচ কাজ শেষ করার কথা ছিল ২০০৬ সালে। নির্মাতা প্রতিষ্ঠান আটতলা পর্যন্ত ৮৮৩টি দোকান বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর করেছে। এগুলোর মধ্যে ট্রাস্ট ৫৪০টি দোকানের ভাড়া পায়। বাকি ৩৪৩টি দোকান কাদের বরাদ্দ দেওয়া হয়েছে, তা ট্রাস্ট জানে না। এসব দোকানের কাছে ভাড়া বকেয়া রয়েছে এক কোটি ৫১ হাজার টাকা। আলাউদ্দিন নামের এক ব্যক্তি সমিতি করে এসব দোকান থেকে ভাড়া আদায় করছেন। এমনকি সমিতির সহযোগিতায় ভুয়া দলিল দিয়ে দোকানও বরাদ্দ দিচ্ছেন।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্মাতা প্রতিষ্ঠান শপিং কমপ্লেক্স তৈরি না করে গুদাম তৈরি করেছে। সেখানে কোনোভাবে অগ্নিকাণ্ড ঘটলে অনেক প্রাণহানির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, দখলদারদের কাছ থেকে দোকান উদ্ধার করে যুগোপযোগী ভাড়া নির্ধারণের জন্য সংসদীয় উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইকবালুর রহিম, আফছারুল আমীন, গোলাম দস্তগীর গাজী, নুরুন্নবী চৌধুরী প্রমুখ অংশ নেন।