উচ্ছেদ অভিযানের পর গুলিস্তান এলাকায় হকারদের দখলদারি আরও বেড়ে গেছে। ফুটপাত শুধু নয়, এবার মূল সড়কেও তাঁরা পসরা সাজিয়ে বসেছেন। সেখানে হকারদের বসতে দেওয়া হবে না বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঘোষণা ছিল।
২৭ অক্টোবর উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও একদল যুবকের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় উভয় পক্ষের ১২ জন আহত হন। সংঘর্ষের সময় ছাত্রলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করতে দেখা যায়। ওই দিন দুপুরে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার পাতাল মার্কেটে অভিযান চালিয়ে ওই মার্কেটের মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে আটকও করা হয়। এ ছাড়া গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে থেকে প্রায় ৪০০ দোকান উচ্ছেদ করা হয়। পরে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মুচলেকা নিয়ে পাতাল মার্কেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে। গুলিস্তানে আর হকার বসতে দেওয়া হবে না।’
কিন্তু পরদিনই থেকেই গুলিস্তানে আবার হকার বসা শুরু হয়। গতকাল রোববার এলাকায় গিয়ে দেখা গেছে হকারদের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। দেখা যায়, শুধু গুলিস্তান নয়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিপিও ও আশপাশের এলাকায় শুধু ফুটপাতই নয়, চলাচলের পথও দখল করে হকাররা হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। ডিএসসিসির লোক বা পুলিশকে সেখানে কোনো ধরনের তৎপরতা চালাতে দেখা যায়নি। পাতাল মার্কেটের চারদিকেই হকার। রাজধানী রেস্টুরেন্ট, ভাম অ্যান্ড কোংয়ের সামনে থেকে শুরু করে ডন প্লাজা ছাড়িয়ে অগ্রণী ব্যাংক রমনা করপোরেট শাখার সামনে পর্যন্ত কোথাও ফুটপাত দেখা যাচ্ছিল না। শার্ট, প্যান্ট, গেঞ্জি ইত্যাদি থরে থরে সাজিয়ে নিশ্চিন্ত মনে বেচাকেনা করছেন হকাররা। জিপিওর সামনে, বিপরীত দিকে সর্বত্রই হকার আর হকার। কোথাও কোথাও ফুটপাত ছেড়ে রাস্তায়ও পসরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনের ফুটপাতজুড়ে ইলেকট্রিক সামগ্রী, মুঠোফোনের চার্জার, কভার ইত্যাদির দোকান। সিটি করপোরেশনের নিষেধ সত্ত্বেও ফুটপাত ও রাস্তায় বসেছেন কেন? এমন প্রশ্নে কয়েকজন হকার বলেন, তাঁদের নেতাদের সঙ্গে সিটি করপোরেশনের কথাবার্তা চলছে। তা ছাড়া তাঁদের উঠে যাওয়ার জন্য আনুষ্ঠানিক কোনো চিঠি দেওয়া হয়নি।
মেয়র সাঈদ খোকন দেশের বাইরে থাকায় গতকাল তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, মেয়র হকারদের পুনর্বাসনের ঘোষণা দিয়েছিলেন। পুনর্বাসনের আগে তাঁদের জন্য কী করণীয়, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।