গুলিস্তানের দুই অস্ত্রধারীর দায় নেবে না ডিএসসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র সাঈদ খোকন
মেয়র সাঈদ খোকন

ছাত্রলীগের সেই দুই অস্ত্রধারী নেতার কোনো দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নেবে না বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। গতকাল শনিবার দুপুরে ডিএসসিসির নগর ভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। ওই দিন উচ্ছেদকে কেন্দ্র করে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের সঙ্গে হকার ও পাতাল মার্কেটের দোকানিদের দফায় দফায় সংঘর্ষ হয়। তখন ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলি করেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান। তাঁদের অস্ত্রের লাইসেন্স রয়েছে কি না, তা যাচাই করতে আজ রোববার ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ে খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের দায়িত্বে থাকা অতিরিক্ত উপকমিশনার তারেক বিন রশিদ। তিনি বলেন, অস্ত্রের লাইসেন্স না থাকলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল গুলিস্তানে হকার উচ্ছেদের কোনো আলামত দেখা যায়নি। সরেজমিনে দেখা যায়, সড়ক ও ফুটপাত দখল করে প্রায় দেড় হাজার হকার মালামাল নিয়ে বসে রয়েছেন।

এদিকে ওই ঘটনায় গুলিস্তানসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে করণীয়-বিষয়ক মতবিনিময় সভায় সাঈদ খোকন বলেন, বৃহস্পতিবারের আবেগতাড়িত ও উচ্ছ্বাসের বশবর্তী হয়ে একটি অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্ম হয়েছে। এই মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা ডিএসসিসি সমর্থন করে না। কারণ, কেউই আইনের বাইরে নয়। তাঁদের এই দায় ডিএসসিসি নেবে না। নেওয়ার কোনো সুযোগও নেই। এতে ডিএসসিসির সব ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তাঁরা সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদে তাঁদের মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় কাউন্সিলরদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাঈদ খোকন বলেন, গুলিস্তান থেকে আগে হকারদের উচ্ছেদ করে পরে পরিকল্পনা নেওয়া হবে। ইতিমধ্যে গুলিস্তানের ২ হাজার ৫০৬ জন হকারের একটি তালিকা তৈরি করা হয়েছে। আপাতত তাঁরা ডিএসসিসির মালিকানাধীন মহানগর নাট্যমঞ্চের একাংশে (পশ্চিম পাশে) খালি জায়গায় বসবেন। পুনর্বাসিত হলে তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে। শিগগিরই এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ ও র‍্যাবের সঙ্গে কথা বলে গুলিস্তানে আবার বড় আকারের উচ্ছেদ অভিযান চালানো হবে। ওই দিন ডিএসসিসির ৭৬ জন কাউন্সিলরকে উপস্থিত থাকতে হবে। ফুটপাত ও সড়কের এক ইঞ্চি পরিমাণ জায়গাও আর দখল হতে দেওয়া হবে না। সব কার্যক্রম আইনের মধ্যে থেকেই করা হবে। ভবিষ্যতে কঠোর থেকে আরও কঠোর হবে ডিএসসিসি।

বৃহস্পতিবারের ঘটনার সময় গুলিস্তানে উপস্থিত ছিলেন ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী। তিনি মতবিনিময় সভায় বলেন, সাধারণত উচ্ছেদের সময় হকাররা প্রতিবাদ করার সাহস পান না। কিন্তু ওই দিন পেছন থেকে একটি মহল হকারদের হাতে অস্ত্র দিয়ে উসকে দিয়েছে। এই চক্রের সদস্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, নিউমার্কেট এলাকায় কয়েক দফায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু হকাররা আবার বসে যাচ্ছেন। এসব দোকান থেকে নিয়মিত মাদকদ্রব্যও বিক্রি করা হয়।

মতবিনিময় সভায় ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ হামিদ খান, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর-বিন-আবদাল আজিজ, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।