গৃহকর্তার মুখে স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে মালামাল লুট
ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় গৃহকর্তাকে অজ্ঞান করে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। বিষয়টিকে অভিনব কৌশল বলছে পুলিশ।
ঘটনার শিকার ব্যক্তির নাম খন্দকার শামসুল আলম ওরফে মঞ্জু (৫৬)। তিনি শহরের সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ও নবনির্মিত গ্রিন হাসপাতালের চেয়ারম্যান।
শামসুল আলম বলেন, ঝিলটুলী মহল্লার পৈতৃক পাঁচতলা বাড়িটির দোতলায় শুক্রবার রাতে তিনি বাড়িতে একাই ছিলেন। রাত আনুমানিক আটটার দিকে বাড়ির কলবেল বেজে ওঠে। তিনি দরজা খুলে দেখতে পান, সামনে মুখ ঢাকা চার তরুণ দাঁড়িয়ে। দরজা খোলামাত্রই তাদের একজন তাঁর মুখমণ্ডলে কিছু ছিটিয়ে দেয়। এতে মুহূর্তেই তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন।
শামসুল আলমের ছোট ভাই খন্দকার ফজলুর হক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনিও ওই বাড়িতে থাকেন। রাত সাড়ে আটটার দিকে বাড়িতে ফিরে তিনিই প্রথম ডাকাতির বিষয়টি টের পান।
ফজলুর বলেন, তিনি বাড়িতে ফিরে ভাইকে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। চিকিৎসায় রাত সাড়ে ১১টার দিকে শামসুলের জ্ঞান ফেরে। ডাকাতেরা ২ ভরি ওজনের স্বর্ণালংকার, ৬৫ হাজার টাকা, ৫০ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ডসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ বলেন, অজ্ঞান করে বাড়ির মালামাল লুটের বিষয়টি নতুন কৌশল। অভিযোগ পেলে মামলা নেওয়ার পর ব্যবস্থা নেবে পুলিশ।