গৃহকর্ত্রীকে জখম করে মূল্যবান মালামাল লুট
রাজধানীর পুরাতন কচুক্ষেতের একটি বাসায় আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা গৃহকর্ত্রীকে ছুরিকাঘাতে জখম করে মূল্যবান মালামাল লুটে নিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক প্রথম আলো কে জানান, নাসরিন বেগম (৫০) নামের ওই গৃহকর্ত্রীকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন নাসরিন বেগমের ছেলের বউ ফাতেমা রোকসানা জানান, পুরাতন কচুক্ষেতের ২২৬/২ নম্বর বাড়ির চারতলা ভবনের নিচতলায় তাঁরা থাকেন। বারান্দার গ্রিল কেটে চারজন দুর্বৃত্ত বাসায় ঢুকেই তাঁর শাশুড়িকে মারধর করে। তারা তাঁর শাশুড়ির দুই হাত ও কাঁধে ছুরিকাঘাত করে।
ছেলের বউ আরও জানান, তাঁকে, তাঁর স্বামী অডিট বিভাগে কর্মরত কবির হোসেন ও তাঁদের সন্তানকে জিম্মি করে রাখে দুর্বৃত্তরা। তাঁর দাবি, ডাকাতেরা দুই লাখ টাকা, প্রায় তিন লাখ টাকার স্বর্ণালংকার এবং দুটি মুঠোফোন নিয়ে গেছে।