গৃহকর্মী ও শিশুসন্তানকে আটকে গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনদুপুরে বাসায় ঢুকে একটি কক্ষে গৃহকর্মী ও দেড় বছরের সন্তানকে আটকে রেখে উম্মে রোকেয়া বেগম (৩০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আর পাশের কক্ষ থেকে অক্ষত অবস্থায় গৃহকর্মী মরিয়ম (১৬) ও রোকেয়ার দেড় বছরের সন্তান সামিয়া আহসানকে উদ্ধার করা হয়।
মিরপুর থানার পুলিশ বলছে, পূর্বপরিচিত লোকজন এ ঘটনা ঘটাতে পারে। বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের আলামত পাওয়া গেছে। ডাকাতির উদ্দেশ্যে এ ঘটনা, নাকি অন্য কোনো উদ্দেশ্যে—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রাতে হাসান নামের এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন রোকেয়ার স্বামী রকিব আহসান খান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুই সন্তান ও স্বামী রকিবকে নিয়ে কল্যাণপুরের প্রাইমারি স্কুল রোডের একটি সাততলা বাড়ির দোতলায় থাকতেন রোকেয়া। রোকেয়ার বড় ছেলে সামিউল আহসান খান মোহাম্মদপুরে একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে। স্বামী ধানমন্ডির একটি বায়িং হাউসে চাকরি করেন। ওই বাসার আরেকটি কক্ষে রোকেয়ার জা জেরিন সোহেলি ও তাঁর ছেলে নবম শ্রেণিপড়ুয়া নাফিউল আহসান খান থাকে। জেরিন কল্যাণপুরে নগর স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করেন। মামলার আসামি হাসান তাঁদের পূর্বপরিচিত।
রকিব আহসান খান জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। বাসায় কেবল গৃহকর্মী মরিয়ম ও দেড় বছরের সন্তানকে নিয়ে রোকেয়া ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় এসে ঘটনা জানতে পারেন। গতকাল দুপুর ১২টার দিকে দরজায় কে বা কারা করাঘাত করলে মরিয়ম দরজা খুলে দেন। দরজা খুলে দিলে হুড়মুড় করে তিন যুবক বাসায় ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে সবাইকে জিম্মি করেন। রোকেয়ার কোল থেকে সামিয়াকে ছিনিয়ে নেন এক যুবক। এরপর একটি কক্ষে গৃহকর্মী ও সামিয়াকে আটকে রাখা হয়। এরপর অন্য কক্ষে রোকেয়াকে শ্বাসরোধে হত্যা করে লুটপাট করে চলে যান যুবকেরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রোকেয়ার ডান ও বাঁ গালে ছোট ছোট ক্ষতচিহ্ন রয়েছে। ঠোঁটে হালকা রক্তের দাগ। রোকেয়া ধর্ষণের শিকার হয়েছেন কি না, সে ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষার জন্য সুরতহাল প্রতিবেদনে আবেদন করেন এসআই জহিরুল।
এসআই জহিরুল জানান, বাসার আসবাব সবকিছু তছনছ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাসা থেকে কিছু মালামাল লুট করা হয়েছে। হয়তো বাধা দেওয়ায় অথবা পূর্বপরিচিত হওয়ায় গৃহবধূ রোকেয়াকে হত্যা করা হয়েছে। গৃহকর্মী মরিয়মকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরিয়ম আগে কখনো ওই যুবকদের দেখেছে কি না, তা তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে।
মিরপুর থানার পুলিশ জানায়, ওই বাড়িতে একজন নিরাপত্তাকর্মী আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ির প্রধান ফটক খোলা পেয়ে ওই যুবকেরা ভেতরে ঢুকেছেন কি না, ঘটনার সময় ওই নিরাপত্তাকর্মী কোথায় ছিলেন—এমন বিষয়গুলো যাচাই করা হচ্ছে।