গৃহকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় গৃহকর্মী লাদেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। লাদেনের বাবা বিপ্লব হোসেন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় এ মামলা করেন।
মামলার বিবরণে বলা হয়, মঙ্গলবার রাতে তারাবির নামাজ পড়ে গৃহকর্তা এ আর মন্টুর ছেলে মিথুন ও গৃহকর্মী লাদেন হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জন তরুণ তাদের পথরোধ করে দাঁড়ান। এ সময় মিথুন দৌড়ে পালিয়ে যায়। এরপর তরুণেরা লাদেনকে ধরে গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে চলে যান। গুরুতর অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় দুই বছর ধরে লাদেন (১৪) আশুলিয়ার গাজীরচট এলাকার ব্যবসায়ী এ আর মন্টুর বাসায় গৃহকর্মীর কাজ করে। মিথুন ও লাদেন সমবয়সী।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আহাদ আলী বলেন, হয়তোবা দুর্বৃত্তদের মূল লক্ষ্য ছিল মিথুন; কিন্তু মিথুনকে ধরতে না পেরে লাদেনকে গুলি করেছে। অথবা মিথুন মনে করেও লাদেনকে গুলি করতে পারে তারা। তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।