গৃহকর্মী জবার মাকে মামলা তুলে নিতে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী জবাকে আত্মহত্যার প্ররোচনার মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন আসামিরা। জামিনে মুক্তি পেয়ে তাঁরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন জবার মা রিমা বেগম।
সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মাহমুদুর প্রথম আলোকে বলেন, এ মামলার দুজন আসামি পলি আকতার ও তাঁর মেয়ে সিনথিয়া। তাঁরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে সিনথিয়া ২০ জানুয়ারি ও পলি ২৮ জানুয়ারি জামিন নিয়েছেন।
নিহত গৃহকর্মী জবার মা রিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘আসামিরা কয় আমার মেয়ে নাকি নিজের গায়ে নিজে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। আসামিরা জামিন গিয় মামলা তুইলা লইতে হুমকি দিতাছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’
জবার পক্ষে মামলাটি পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, জবা ১১ বছরের একটি মেয়ে। সে কেন আত্মহত্যা করবে! তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শিশু হত্যার ঘটনা দিন দিন বেড়েই চলছে। তিনি বলেন, এ ধরনের মামলায় আসামিরা জামিনে যাওয়ার পর তদন্ত ঝুলে যায়। মামলার ঘটনার তারিখ চলতি বছরের ৮ জানুয়ারি। আর আসামিরা এক মাস না পেরোতেই জামিনে বেরিয়ে গেছেন। এখন আসামিরা বাদিনীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
মামলার এজাহারে বলা হয়, রাজধানীর সিদ্ধেশ্বরীতে পলি আকতার ও তাঁর মেয়ে সিনথিয়ার বাসায় কাজ করত জবা। পলি আকতারের এক আত্মীয় ৮ জানুয়ারি জবার মা রিমা বেগমকে ফোন করে জানান, জবা অসুস্থ। তাকে পলির বোন রুহিন বেগমের গুলশানের বাসায় যেতে বলা হয়। রুহিন বেগম তাঁকে জবার কাছে নিয়ে যাবেন। রিমা গুলশানের ওই বাড়িতে গেলে তাঁকে আটকে রাখা হয়।