গৃহকর্মী ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর আরামবাগ থেকে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক।

ক্যান্টনমেন্ট থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি স্ত্রী-সন্তানসহ ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি বাসায় থাকেন। এক তরুণী চার-পাঁচ মাস ধরে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। ওই তরুণীর অভিযোগ, গত রোববার রাত ১২টার দিকে গৃহকর্তা তাঁকে ধর্ষণ করেন। এ সময় গৃহকর্ত্রী বাসায় ছিলেন, কিন্তু তিনি কিছু বুঝতে পারেননি। এরপর ওই তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে রাত দেড়টার দিকে অসুস্থ অবস্থায় ওই তরুণীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি চিকিৎসকদের কাছে গৃহকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পরে সোমবার রাতে কুর্মিটোলা হাসপাতাল থেকে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ওই তরুণী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলায় গৃহকর্তা আবুল কালাম আজাদকে আসামি করা হয়। পরে আরামবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।