গৃহকর্মী নির্যাতনের শিকার, গৃহকর্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গ্রিন রোডের এক বাসায় গতকাল শুক্রবার সোহাগী (১১) নামের এক শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় গৃহকর্ত্রী সোনিয়া আক্তারকে আটক করেছে পুলিশ।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সোহাগী পশ্চিম গ্রিন রোডে একটি বাড়ির আটতলায় সোনিয়া আক্তারের বাসার গৃহকর্মী। গতকাল বিকেলে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে সোহাগী কাঁদছিল। আশপাশের লোকজন কান্নার কারণ জানতে চাইলে সে জানায়, গৃহকর্ত্রী তাকে মারধর করেছে।
পরে লোকজন থানায় খবর দিলে পুলিশ সোহাগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ গৃহকর্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। সোহাগীর চোখ-মুখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
সোহাগী হাসপাতালে সাংবাদিকদের জানায়, গৃহকর্ত্রী প্রায়ই তাকে মারধর করতেন। সর্বশেষ কাচের গ্লাস ভেঙে ফেলায় মেরে বাসা থেকে বের করে দেন।