গৃহকর্মী শিশুদের অদৃশ্য দাসত্বের চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী শিশুদের বেশির ভাগকেই রাত-দিন মিলে কাজ করতে হয় ১৪ থেকে ১৮ ঘণ্টা। অনেককেই সহ্য করতে হয় শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। তার শৈশব কেড়ে নেওয়ার পাশাপাশি কাজের বিনিময়ে যে বেতন পায়, তা-ও নিয়ে নেন মা-বাবা। চার দেয়ালের ভেতরে ঘটনাগুলো ঘটে বলে তা থাকে প্রায় ক্ষেত্রেই নজরের বাইরে।
‘হিডেন স্লেভারি: চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কার্স’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এই গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন গবেষণার একজন গবেষক রিয়াজুল করিম। আরেকজন গবেষক আহমদুল্লাহ মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, মানুষের জন্য ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ভিশন, টেরে ডেস হোমস নেদারল্যান্ডস, এডুকো এবং গ্লোবাল মার্চ যৌথভাবে গাজীপুর, নরসিংদীসহ দেশের সাত বিভাগের ১০টি শহরে এই গবেষণাটি পরিচালনা করে।
গবেষণায় ১ হাজার ২৬০ জন শিশুর সাক্ষাৎকার নেওয়া হয়। এদের ৯০ শতাংশই ছিল মেয়েশিশু। গড় বয়স ছিল ১৩ দশমিক ৫ বছর। ৭৫ শতাংশেরই বেতন নিয়ে যান তাদের মা-বাবা। এক-চতুর্থাংশের বেশি শিশু জানায়, কাজ করতে গিয়ে তারা নানা দুর্ঘটনার শিকার হয়েছে। অর্ধেক শিশুই জানায়, তারা শারীরিক নির্যাতনের শিকার। ৭৫ শতাংশই এ কাজে খুশি নয়। ৯০ শতাংশ শিশুর কাজ শুরু হয় সকাল সাতটায়, শেষ হয় রাত ১২টায়। গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গবেষণার তথ্য সংগ্রহ করা হয়।
গবেষণার সীমাবদ্ধতা সম্পর্কে বলতে গিয়ে গবেষক রিয়াজুল করিম বলেন, ৪০ শতাংশ গৃহকর্মী শিশু তার গৃহকর্তা ও গৃহকর্ত্রীর সামনে কথা বলতে বাধ্য হয়। গবেষণায় ১৭ দশমিক ৬ শতাংশ শিশু যৌন নির্যাতনের কথা বলার সুযোগ পায়। ২৫ শতাংশ জানায়, তাদের অনেক কাজ ও অনেক বেশি সময় দিতে হয়। এ কারণে তাদের কোনো অবসর মেলে না।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গৃহকর্মী শিশুদের ‘অদৃশ্য দাসত্ব’ বা তাদের অবস্থান বোঝানোর জন্য এই শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলা উচিত ছিল। গবেষণায় তা করা হয়নি। গবেষণা অনুযায়ী, ৫৬ শতাংশ শিশুরই মা-বাবা আছেন। তাহলে এই শিশুদের তাঁরা কেন গৃহকর্মের জন্য পাঠালেন? এ ছাড়া এই শিশুদের কর্মক্ষেত্রে কথা বললে তারা যে সবকিছু বলবে, তা চিন্তা করা হবে অতিরিক্ত প্রত্যাশা। তাই তারা ছুটিতে বাড়িতে থাকা অবস্থায় কথা বললে মনের কথাগুলো বলতে পারত।
উপাচার্য আরেফিন সিদ্দিক শিশুদের দেখভাল ও সুরক্ষার জন্য সরকারের আলাদা অধিদপ্তর গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেন। সন্তানকে গৃহকর্মে পাঠানো, একইভাবে যাঁরা এই শিশুদের নিয়োগ দেন, সবারই সচেতনতার বিশেষ প্রয়োজন আছে উল্লেখ করে তিনি বলেন, এক শিশু কেন আরেক শিশুর পেছনে ব্যাগ নিয়ে ছুটবে?
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী, পরিচালক আবদুস সহিদ মাহমুদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, এডুকোর দেশীয় পরিচালক নিজামুদ্দিন, টেরে ডেস হোমসের দেশীয় পরিচালক মাহমুদুল কবির, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর সাবিরা সুলতানা বক্তব্য দেন।