গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে এক গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে গৃহকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ওই গৃহকর্মীর মা গত বুধবার রাতে রানীনগর থানায় মামলাটি দায়ের করেছেন।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার আতাইকুলা গ্রামের সেলিম হোসেনের বাড়িতে উপজেলার কৌনজ গ্রামের এক কিশোরী প্রায় চার বছর ধরে গৃহপরিচারিকার কাজ করত। গত ৩০ এপ্রিল রাতের খাওয়া শেষে ওই কিশোরী নির্ধারিত ঘরে শুয়ে পড়ে। রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে সেলিম তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে সেলিম গ্রামবাসীকে জানান, তাঁর কাজের মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে সেলিম কৌশলে তাঁর শ্বশুরবাড়ি নওগাঁ শহরের সুলতানপুর মহল্লায় ওই কিশোরীকে আটক রাখেন। মেয়ের খোঁজখবর না পেয়ে কিশোরীর মা ৫ মে সেলিমের শ্বশুরবাড়িতে গিয়ে তাঁর মেয়ের কী হয়েছে, কোথায় আছে জানতে চাইলে সেলিম মামলা না করা ও মীমাংসার শর্তে ওই কিশোরীকে তাঁর মায়ের সঙ্গে পাঠিয়ে দেন।
রানীনগর থানার ওসি আবদুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, বুধবার ওই কিশোরীর বাড়িতে আপস-মীমাংসার সালিস হতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রানীনগর থানা-পুলিশ কৌনজ গ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করে দুপুরে থানায় নিয়ে আসে। পরে তাকে মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সেলিমকে আসামি করে বুধবার রাতে রানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।