গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় শিক্ষক সাময়িক বরখাস্ত
গৃহকর্মীকে (১৪) ধর্ষণের অভিযোগে বগুড়ার শেরপুরের একটি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষককে (৪৭) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটি তাঁকে বরখাস্ত করে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, তাঁর বিদ্যালয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে শেরপুর থানায় মামলা হয়েছে। ওই শিক্ষক বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। এ ঘটনায় গতকাল বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভা বসে। সেখানে আলোচনা শেষে ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ওই শিক্ষক শেরপুর পৌর শহরের টাউন কলোনি মহল্লায় নিজ বাড়ির গৃহকর্মীকে (১৪) গত ১৩ অক্টোবর ধর্ষণ করেন। এ ঘটনা জানতে পেরে ৯ ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন মেয়েটির চাচা। এরপরই ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিক্ষক বর্তমানে বগুড়া কারাগারে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের এসআই আরিফুল ইসলাম বলেন, থানায় মামলা রেকর্ডের পর ওই গৃহকর্মীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।