গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সুমাইয়া (১৩) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নির্যাতনের অভিযোগ করে গৃহকর্ত্রী মোছা. মরিয়মের বিরুদ্ধে মামলা করেছে ওই কিশোরী। সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার তদন্তকারী দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুমাইয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলায়। পাঁচ মাস আগে দারুস সালামের ১০ নম্বর সড়কে মো. মহিবুল্লাহ নামের এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ শুরু করে সে। ওই কিশোরী অভিযোগ করে, তাকে প্রায়ই মারধর করতেন গৃহকর্ত্রী মরিয়ম। গত বুধবার রাতে খুনতি দিয়ে মেয়েটির মুখে ছ্যাঁকা দেন তিনি। এরপর পাশের বাড়িতে আশ্রয় নেয় সে। পরে সুমাইয়া নিজেই বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা করে।
এসআই সাইফুল ইসলাম আরও বলেন, গৃহকর্ত্রী মরিয়ম গা ঢাকা দিয়েছেন। সুমাইয়ার হাত-পায়ে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) মেয়েটির চিকিৎসা চলছে।