গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তিন দিন ধরে ওই কিশোরী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
গৃহকর্মী আসমা বেগম (১৩) নোয়াখালী চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিজিবাড়ির বাসু মিয়ার বাড়িতে গৃহকর্মীর কাজ করত। দেড় মাস ওই বাড়িতে কাজ করার সময় তুচ্ছ ঘটনায়ও তাকে মারধর করা হতো। গত বুধবার বিকেলে বাসু মিয়ার মেয়ে রেবেকা সুলতানা তার শরীরের বিভিন্ন স্থানে লোহার গরম ছ্যাঁকা ও পিটুনি দিয়ে গুরুতর জখম করে। পরে আসমা ওই বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়িতে চলে যায়।
কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের চর মার্টিন গ্রামের দিনমজুর ফয়েজ আহাম্মদের মেয়ে আসমাকে বুধবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
আসমার মা পারুল বেগম বলেন ‘আমরা গরিব মানুষ, আমাদের মূল্য নাই। টাকার অভাবে মেয়েকে চিকিৎসা করাতে পারছি না।’
তবে অভিযোগের বিষয়ে রেবেকার বাবা আবুল বাশার জানান, আসমা আগে ঢাকায় কাজ করত। ওখানে তার ওপর নির্যাতন করা হয়েছে। রেবেকা তাকে মারধর করেনি।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেজাউল করিম বলেন, মেয়েটির শরীরে গরম ছ্যাঁকা ও পিটুনির জখম রয়েছে। তার সুস্থ্ হতে অনেক সময় লাগবে।
কমলনগর থানার এসআই আবদুল ওয়াহাব বলেন, মেয়েটিকে নির্যাতনের বিষয়টি মর্মান্তিক। পুলিশ হাসপাতালে গিয়ে তদন্ত করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।