গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় সুমাইয়া (১৩) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে এ অভিযোগ করে গৃহকর্ত্রী মরিয়মের বিরুদ্ধে মামলা করেছে ওই কিশোরী। চিকিৎসার জন্য সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে মরিয়ম পলাতক রয়েছেন।
মামলার তদন্তকারী দারুস সালাম থানার এসআই সাইফুল ইসলাম বলেন, সুমাইয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলায়। পাঁচ মাস আগে দারুস সালামের ১০ নম্বর সড়কে মহিবুল্লাহ নামে এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ শুরু করে সে। তবে ওই কিশোরী অভিযোগ করে যে, তাকে প্রায়ই মারধর করতেন গৃহকর্ত্রী মরিয়ম। গত বুধবার রাতে খুনতি দিয়ে মেয়েটির মুখে ছ্যাঁকা দেন তিনি। এরপর পাশের বাড়িতে আশ্রয় নেয় সে। পরে সুমাইয়া নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করে।
এসআই সাইফুল ইসলাম আরও বলেন, ঘটনার পর থেকে গৃহকর্ত্রী মরিয়ম তাঁর বাড়ি থেকে পালিয়ে গেছেন। তবে সুমাইয়ার হাত-পায়ে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।