গৃহকর্মীকে হত্যার অভিযোগে গৃহকর্তা গ্রেপ্তার
পিরোজপুরের কাউখালী উপজেলায় এক গৃহকর্মীকে মুখে কীটনাশক ঢেলে হত্যার অভিযোগে গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিহত গৃহকর্মীর নাম তুহিন হাওলাদার (২২)। তাঁর বাড়ি কাউখালী উপজেলার উত্তর নিতলী গ্রামে। অভিযুক্ত গৃহকর্তা হলেন সৈয়দ জাকির হোসেন। তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।
পুলিশ ও নিহত গৃহকর্মীর পারিবারিক সূত্রে জানা গেছে, আট মাস আগে তুহিন মাসিক পাঁচ হাজার টাকা বেতনে জাকির হোসেনের বাড়িতে কাজ নেন। জাকির চুক্তি অনুযায়ী বেতন দেননি। তিনি ছয় মাসের বেতন বকেয়া রেখে দুই মাসের বেতন পরিশোধ করেন। এ নিয়ে গত মঙ্গলবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাত ১০টার দিকে মুঠোফোন চুরির অভিযোগে জাকির হোসেনসহ স্থানীয় কয়েকজন তুহিনকে মারধর করেন। বেধড়ক পিটুনিতে তুহিন অসুস্থ হয়ে পড়লে তাঁর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। গত বুধবার ভোরে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকাল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় গতকাল দুপুরে ওই গৃহকর্মীর বাবা চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
কাউখালী থানার ওসি সুলতান মাহমুদ বলেন, তুহিনের ডান চোখের ওপর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।