গুলশানের কালাচাঁদপুরে এক কিশোরী গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিউমার্কেট এলাকার একটি বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কলেজছাত্রীর লাশ উদ্ধার হয়েছে।
গৃহকর্মীর নাম আয়েশা (১৫)। গতকাল বৃহম্পতিবার গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কলেজছাত্রীর নাম সুমাইয়া (১৭)। তিনি সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পরিবারের সঙ্গে তিনি নিউমার্কেট কাঁচাবাজার-সংলগ্ন বিশ্বাস বিল্ডার্সের দশম তলায় থাকতেন।
গুলশান থানার উপপরিদর্শক ওয়াজিউর রহমান প্রথম আলোকে বলেন, গুলশানের কালাচাঁদপুরে নূর হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িতে আট বছর ধরে সে কাজ করছিল। গতকাল সকালে টিনের চালের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। বাড়িতে সে সময় গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তান ছিল। তিনি দাবি করেছেন, আয়েশার সঙ্গে তাঁদের কোনো মনোমালিন্য হয়নি। হঠাৎ কেন সে আত্মহত্যা করল তিনি বুঝে উঠতে পারছেন না। ওয়াজিউর জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ স্পষ্ট হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আয়েশার ভগ্নিপতি শামছুল প্রথম আলো বলেন, আয়েশার মৃত্যুর কারণ তিনিও বুঝতে পারছেন না। দুই ভাই ও চার বোনের মধ্যে আয়েশা ছিল তৃতীয়। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জে।
সুমাইয়ার মৃত্যুর ব্যাপারে পরিবারের সদস্যদের বরাত দিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, দু-তিন বছর আগে তার বাবা যশোরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। বাবার ময়নাতদন্তের সময় সুমাইয়া উপস্থিত ছিল। এরপর থেকেই তার মানসিক সমস্যা শুরু হয়। তার চিকিৎসাও চলছিল। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার সকালে বাসার ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। মৃত্যুর আগে সুমাইয়া একটি চিঠি লিখে যায়। সেখানে সে লেখে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ও আমার মৃতদেহের যেন ময়নাতদন্ত করা না হয়।’ পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সুমাইয়ার লাশ হস্তান্তর করা হয়।