গৃহকর্মীর চেতনানাশকে গৃহকর্তার মৃত্যু?
গৃহকর্মীর ‘চেতনানাশক দ্রব্য’ মেশানো খাবার খেয়ে আজ শুক্রবার রাজশাহী নগরে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গৃহকর্তার মৃত্যুর পর থেকেই ওই গৃহকর্মী পলাতক।
মৃত গৃহকর্তার নাম আবদুল হান্নান। তাঁর বাড়ি রাজশাহী নগরের রাজপাড়া থানার মহিষবাথান এলাকায়। এ ঘটনায় মামলা হয়েছে।
আবদুল হান্নানের ভায়রা কাইয়ুম উদ্দিন জানান, আবদুল হান্নান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক পদে চাকরি শেষে এখন অবসরে আছেন। তাঁর তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে ঢাকায় চাকরি করেন। তিনি স্ত্রী ঝরনা বেগমকে নিয়ে রাজশাহীর বাড়িতে থাকতেন।
মামলার বরাত দিয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ‘চার-পাঁচ দিন আগে আবদুল হান্নান তাঁর বাড়িতে এক নারীকে গৃহকর্মীর কাজ দেন। গত বুধবার সকালের নাশতায় ওই গৃহপরিচারিকা খাবারে চেতনানাশক মিশিয়ে দেন। সেই খাবার খেয়ে আবদুল হান্নান ও তাঁর স্ত্রী ঝরনা বেগম অচেতন হয়ে পড়েন। এই সুযোগে ওই গৃহপরিচারিকা বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা আবদুল হান্নান ও তাঁর স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ঝরনা বেগম কিছুটা সুস্থ হলেও আবদুল হান্নানের অবস্থার আরও অবনতি হয়। ওই দিনই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।’
ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নাম-পরিচয় না জেনেই তাঁরা ওই গৃহকর্মীকে কাজে নিয়েছিলেন। তাই তাঁর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ গৃহকর্মীকে খুঁজে বের করার চেষ্টা করছে। ময়নাতদন্ত শেষে আবদুল হান্নানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।