গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর শান্তিনগর ও খিলক্ষেত এলাকায় পৃথক দুটি ঘটনায় এক গৃহকর্মীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দুটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার বেলা একটার দিকে শান্তিনগরের একটি বাসা থেকে শিল্পী আক্তার (২৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, শিল্পী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পিরোজপুর জেলার নেসারাবাদ এলাকার মাইয়ুব আলীর মেয়ে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) দেবী কান্ত বর্মণ বলেন, শান্তিনগরের জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাসায় প্রায় চার বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন শিল্পী। আজ সকাল থেকে ওই বাসায় শিল্পীর কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে। লাশটি ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে খিলক্ষেত এলাকার পদচারী সেতুর পাশে সড়ক থেকে অজ্ঞাতনামা (১৭) এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। খিলক্ষেত থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই কিশোর মারা গেছে।