গৃহকর্মীর মৃত্যু, টাকায় মিটমাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে পুলিশ দম্পতির বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনাটি সাড়ে তিন লাখ টাকায় মিটমাট করার অভিযোগ উঠেছে। গৃহকর্মীর পরিবারের হাতে দুই লাখ টাকা ও দেড় লাখ টাকার চেক দেওয়া হয়। বিনিময়ে তাদের ‘কোনো অভিযোগ নেই’ বলে কাগজে সই নেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মিরপুর থানার পরিদর্শকের (তদন্ত) কক্ষে এই মীমাংসা বৈঠক হয় বলে জানা গেছে।    

 অপমৃত্যুর মামলা এভাবে মীমাংসা করার ব্যাপারে জানতে চাইলে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না।’

২৩ জুলাই পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের সহকারী উপপরিদর্শকের (এএসআই নজরুল ইসলাম) মিরপুরের বড়বাগের বাসা থেকে তাঁদের গৃহকর্মী মো. রাসেলের (১৭) লাশ উদ্ধার করে পুলিশ। নজরুলের স্ত্রী হোসনে আরা ইমিগ্রেশন বিভাগের উপপরিদর্শক (এসআই)। পুলিশ দম্পতির দাবি, রাসেল সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে রাসেলের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের অভিযোগে মিরপুর থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, হত্যা বা অপমৃত্যুর ঘটনার তদন্ত শেষ হওয়ার আগে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে টাকা দিয়ে আপস করা বেআইনি।

রাসেলের চাচা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ভাতিজাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগে আমি পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করতে গিয়েছিলাম। কিন্তু থানা-পুলিশ মামলা নেয়নি।’

শফিকুল বলেন, পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম তাঁর বড় ভাইয়ের সহপাঠী। নজরুল ও তাঁর স্ত্রী তাঁদের হাতে-পায়ে ধরে বলেছেন, ‘যা হওয়ার হয়ে গেছে, আমাদের মেরে ফেললেও রাসেলের জীবন দিতে পারব না। এরপর মিরপুর থানার পুলিশ কর্মকর্তারা বললেন, একটি সংসার ধ্বংস হয়ে গেছে, আরেকটি সংসার ধ্বংস (পুলিশ দম্পতি পরিবার) করে লাভ কী? এলাকার কয়েকজন লোকও তাঁদের ধরেছিল। অবশেষে বিচারের ভার আল্লাহর ওপর ছেড়ে দিয়ে মিরপুর থানার পরিদর্শকের (তদন্ত) কক্ষে বসে সব মীমাংসা করে ফেলেছেন।’ তিনি বলেন, এ জন্য এএসআই নজরুল তাঁদের দুই লাখ টাকা দেন। দেড় লাখ টাকা এক বছরের মধ্যে দেওয়ার কথা বলে চেক লিখে দেন।

শফিকুল বলেন, পুলিশের কথামতো তিনি একটি সাদা কাগজে  ‘রাসেল সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ মৃত্যু নিয়ে কোনো আপত্তি নেই, কোনো মামলা-মোকদ্দমা করবে না’ লিখে সই করেন। এরপর মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে লাশ বুঝে নেন। গত বুধবার সকালে গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে রাসেলের লাশ দাফন করা হয়।

জানতে চাইলে এএসআই নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আপনারা তো জানেনই, থানায় ময়নাতদন্তের প্রতিবেদন এসেছে, সেখানে কথা বলেন।’

যোগাযোগ করা হলে মিরপুর থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, তিনি আপসরফার বিষয় কিছু জানেন না।

মামলা না নেওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাসেলের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ মামলা করতে আসেননি।

এর আগে লাশ উদ্ধারের পর মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) অজিত রায়ের করা সুরতহাল প্রতিবেদনে বলা হয়, রাসেলের থুতনির নিচে থেঁতলানো আঘাতের চিহ্ন রয়েছে।

মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই মীমাংসা করা মানে অপচেষ্টা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। থানা-পুলিশ আপসের উদ্যোগ নিয়ে থাকলে ধরে নিতে হবে তারা অপরাধে জড়িয়ে গেছে। 

গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামের একটি সংগঠনের সমন্বয়কারী ও নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গৃহকর্মী রাসেলের মৃত্যুর ঘটনা টাকা নিয়ে আপস করার বিষয়ে তীব্র নিন্দা জানানো হয়।