গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখীপাড়া গ্রামে উদ্ধার হওয়া গৃহকর্মী সুমাইয়া আক্তারের (১৫) লাশ ময়নাতদন্তের পর হত্যার আলামত পেয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করে।
আসামিদের গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার দক্ষিণ নড়িয়া গ্রামের সুমাইয়া আক্তার চার বছর আগে পাশের বৈশাখীপাড়া গ্রামের বাবুল চৌকিদারের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। গত সোমবার রাতে ওই বাড়ির ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। গত মঙ্গলবার শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর হত্যার আলামত পাওয়া যায়। পরে পুলিশ বাদী হয়ে বাবুল চৌকিদার, তাঁর স্ত্রী কোহিনুর বেগম ও পাঁচক গ্রামের জনি সিকদারকে আসামি করে মামলা করে।
ওসি আরও বলেন, প্রথম দিকে পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হয়েছিল।