গৃহকর্মীর লাশ উদ্ধার, আত্মহত্যার প্ররোচনার মামলা
শান্তিনগরের একটি বাসা থেকে ইসমা নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি বলেন, এ ঘটনায় ইসমার মা সুফিয়া বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় গৃহকর্তা আল মুজাহেদি ও তাঁর স্ত্রী আয়েশা পারভীনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর থেকে ইসমা তাঁদের বাসায় কাজ করত। তিন বছর থেকে ইসমার মাসিক বেতন আটকে রাখা হয়েছিল। এতে ওই দম্পত্তির কাছে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা পাওনা ছিল ইসমার। সময়মতো টাকা না পাওয়ায় ইসমা মানসিকভাবে ভেঙে পড়ে এবং একপর্যায়ে আত্মহত্যা করে।
ইসমার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায়। তার বাবার নাম হাসমত আলী।
এদিকে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, কোনো গাড়ির চাপায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।