গৃহকর্মীর লাশ মিলল উঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামে একটি বাড়ির উঠান থেকে গতকাল শুক্রবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারুক হোসেন (২৫) ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর বাড়ি একই ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামে।
গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক হোসেন আট বছর ধরে গ্রামের মাস্টারবাড়ির সৌদিপ্রবাসী শাহেদ আলমের ঘরে গৃহকর্মীর কাজ করতেন। গতকাল সকালে বাড়ির উঠানে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
প্রবাসী শাহেদ আলমের স্ত্রী আফরোজা বেগম বলেন, বৃহস্পতিবার রাতে ফারুক হোসেন খাবার খেয়ে ঘর থেকে বের হন। রাতে আর বাড়িতে ফেরেননি। ভোরে বাড়ির উঠানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। লাশের পাশে বিষের বোতল পাওয়া গেছে বলে দাবি করেন আফরোজা বেগম। তাঁর দাবি, ফারুক আত্মহত্যা করেছেন।
তবে নিহত ফারুকের বাবা কারিমুল হক অভিযোগ বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। খুনের ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। তিনি ছেলে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।