গৃহকর্মীর শরীরে আগুন দিলেন গৃহকর্ত্রী?
রংপুর নগরের মুলাটোল এলাকায় একটি বাড়িতে ১২ বছরের এক গৃহকর্মীর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গৃহকর্মী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসপাতালের বার্ন ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক মারুফুল ইসলাম বলেন, কিশোরীটি অবস্থা আশঙ্কাজনক। গলার নিচ থেকে বুক, দুই হাত ও পিঠের প্রায় ১৭ শতাংশ আগুনে দগ্ধ হয়েছে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গৃহকর্তা সুধীর কুমার ওরফে খোকন ও তাঁর স্ত্রী পপি রানিকে আসামি করে মামলা করেছে। শুক্রবার রাতেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ওই কিশোরীটি এক সপ্তাহ আগে নগরের মুলাটোল এলাকার শাহী জর্দা কোম্পানির ব্যবস্থাপক সুধীর কুমারের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। বাড়ির গৃহকর্ত্রী পপি রানি প্রতিদিনই কিশোরীটিকে মারধর করত। ঘটনার দিন শুক্রবার সকালেও তাকে মারধর করা হয়। সন্ধ্যার পর আবারও মারধর করে একপর্যায়ে উত্তেজিত হয়ে গৃহকর্ত্রী ওই কিশোরীর পড়নের কাপড়ে দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে অবস্থা বেগতিক দেখে গৃহকর্তা মেয়েটিকে নিয়ে পাগলাপীর এলাকায় শাহী জর্দা কারখানায় নিয়ে গিয়ে সেখানে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসার চেষ্টা চালায়। কিন্তু ঘটনা জানাজানি হয়ে গেলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ সময় ঘটনাস্থল থেকে গৃহকর্তা সুধীর কুমার এবং ওই রাতে শহরের মুলাটোলের বাড়ি থেকে গৃহকর্ত্রী পপি রানিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই কিশোরীর দিনমজুর বাবা ঘটনার দিন দিনমজুরের কাজে বগুড়ায় ছিলেন। হাসপাতালে থাকা কিশোরীর ফুফু আরতী রানি বলেন, ‘হামার মেয়ে কইতোছে ওই বাড়ির মহিলা নিজে গায়োত আগুন লাগে দেছে।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বলেন, মেয়ের বাবা বাইরে থাকার কারণে ঘটনার রাতেই পুলিশ বাদী হয়ে বাড়ির গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।